দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি ও কলা চুরির অভিযোগে ৭৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মারধর, কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ছড়া কলা চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন রুহুল আমিন। পরদিন সকালে স্থানীয়দের একটি দল তাঁকে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর দাবি জানায়। এ সময় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করেন। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে নেটিজেনরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন।
এ বিষয়ে নাসির উদ্দীন বলেন, রুহুল আমিন গ্রামে প্রায়ই এ ধরনের চুরি করেন। তাঁকে এলাকাবাসী কয়েকবার ধরে থানায় দিয়েছেন। তিনি নিজেও সুপারিশ করে তাঁকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন। গতকাল চুরি করতে গিয়ে ধরা পড়ার পর উৎসুক জনতা তাঁকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর দাবি জানায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে গ্রাম ঘোরান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। দারিদ্র্যের কারণে মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। সামান্য অপরাধে তাঁর সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি। বিষয়টি জানার পর তিনি রুহুল আমিনের বাড়িতে কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করেছেন। পাশাপাশি তাঁকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলেছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, সোমবার সকালে বৃদ্ধকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনাটি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/